মহাকাশের পথে যাত্রা শুরু করেছে মার্কিন
সামরিক যান এক্স-৩৭বি। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ফ্লোরিডার কেনেডি স্পেস
সেন্টার থেকে যাত্রা করে রোবোট যানটি। এটি ছিল সপ্তম উৎক্ষেপণ।
এক প্রতিবেদনে রয়টার্স জানায়, স্পেসএক্সের
ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ধারণা করা হচ্ছে, আগেরবারের
তুলনায় যানটি আরো উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।
দুই সপ্তাহ আগে এক্স-৩৭বি উৎক্ষেপণের
পরিকল্পনা ছিল, কিন্তু খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে দেয়া হয়।
একই সময়ে তৃতীয় দফায় ডিভাইন ড্রাগন
নামের মহাকাশযান উৎক্ষেপণ করে চীন। এর আগে ২০২০ সালে প্রথমবার নিজস্ব রোবোট মহাকাশযান
উৎক্ষেপণ করে দেশটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক
যান উৎক্ষেপণে মহাকাশে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা নতুন মোড় নিয়েছে।
পেন্টাগন জানিয়েছে, এক্স-৩৭বি দেখতে
অনেকটা ছোট বাস আকৃতির মতো। এটি উড়োজাহাজের মতো রানওয়েতে অবতরণ করতে সক্ষম। এ অভিযান
পরিচালনা করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী।
এ মহাকাশযান আমেরিকান গোয়েন্দা বিভাগের
গোপন কর্মসূচির অন্তর্ভুক্ত। ২০১০ সালের পর থেকে এটি ছয়বার অভিযানে অংশ নেয়। প্রথম
পাঁচটি অভিযানে কক্ষপথে নিতে সাহায্য করে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের অ্যাটলাস ভি
রকেট। এটি বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ। আর ২০২০ সালের মে মাসে যুক্ত হয় ইলোন
মাস্কের স্পেসএক্স কোম্পানির ফ্যালকন৯ বুস্টার।
গতকালে মিশনের আরো শক্তিশালী ফ্যালকন
হেভি রকেটের মাধ্যমে এক্স-৩৭বি প্রথমবার উৎক্ষেপণ করা হয়। যা আরো বেশি ভারী যান বহন
করতে সক্ষম। এটি পৃথিবী থেকে ২২ হাজার মাইল ওপরের কক্ষপথে মহাকাশযান স্থাপন করতে পারে।
এক্স-৩৭বি ‘অরবিটাল টেস্ট ভেহিকেল’
নামেও পরিচিত। এর আগে এর চলাচল এক হাজার ২০০ মাইল ওপরের কক্ষপথে সীমাবদ্ধ ছিল।










