পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ডয়চে ভেলের সোমবারের (২৪ এপ্রিল) খবরে জানানো হয়েছে, শুক্রবার মালির সীমান্তবর্তী গ্রাম কারমায় এ ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ বেসামরিক লোক হতাহতের এ তথ্য জানায় রোববার।
সংবাদমাধ্যম জানায়, শতাধিক অস্ত্রধারী সামরিক বাহিনীর পোশাকে মোটরসাইকেল ও পিকআপে করে হামলা চালায় গ্রামটিতে। এ সময় এলোপাতাড়ি গুলির পাশাপাশি আগুন দেয়া হয় ঘরবাড়িতে। চালানো হয় লুটপাট।
গত সপ্তাহে পার্শ্ববর্তী আরেকটি গ্রামেও একই কায়দায় হামলা চালানো হয়। যাতে প্রাণ যায় সেনা সদস্যসহ ৩৪ জনের। তবে কোনো গোষ্ঠী কিংবা সন্ত্রাসী সংগঠন হামলার সাথে জড়িত কিনা তা জানা যায়নি।
ডয়চে ভেলে জানাচ্ছে, আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীরা কয়েক বছর ধরেই সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। বুরকিনা ফাসোর সামরিক জান্তা সম্প্রতি বিদ্রোহের বিরুদ্ধে অভিযান ঘোষণা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, গত এক দশকে বিদ্রোহ দমনের এই অভিযানে ১০ হাজারেরও বেশি লোক মারা গেছেন।
হিউম্যান রাইটস ওয়াচের বরাতে জানানো হয়েছে ২০২২ সাল থেকে বেসামরিক ব্যক্তিদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ বেড়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা।










