স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের সমুদ্র পার হওয়ার সময় সেনেগালের নৌবাহিনী একটি অভিবাসনপ্রত্যাশীদের নৌকা আটক করেছে। নৌকাটিতে চড়ে ১৫৯ যাত্রী অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। খবর রয়টার্স।

সেনেগালের নৌবাহিনী সূত্র জানায়, টানা ১০ ঘণ্টা অনুসন্ধান চালায় নৌবাহিনীর জাহাজ ‘‌ওয়ালো’। অভিযানের সময় রাডারে ধরা পড়ে দ্রুত গতিতে আসতে থাকা একটি নৌকা। এর গতি নৌবাহিনীর সদস্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। প্রথমে নৌকাটিকে থামানোর আদেশ দেয়া হয়। যাত্রীরা তা উপেক্ষা করে। পরবর্তী সময়ে সেনেগালের বিশেষ সশস্ত্র সৈন্যদল নৌকাটিকে আটক করে।

গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অভিবাসনপ্রত্যাশীদের একজন চিৎকার করে বলেন, ‘তোমরা কি মনে করো, আমাদের থামিয়ে দিতে পারবে? আমরা ফিরে কেন যাচ্ছি? হয় আমরা স্পেনে যাব, নইলে মরে যাব।’

বিশেষজ্ঞরা জানান, আফ্রিকার তরুণ অভিবাসনপ্রত্যাশীদের আটকানো সহজ কাজ নয়। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি।