চলতি বছরের প্রথম চার মাসে পেরুতে ব্যাপক সংখ্যক নারী নিখোঁজ হয়েছেন। অভিযোগ থেকে জানা যায়, এই সংখ্যা তিন হাজার ৪০৬ জন। গতকাল শনিবার (১০ জুন) দক্ষিণ আমেরিকার দেশটির ন্যায়পালের কার্যালয় এ তথ্য জানায়। খবর ডন।

‘তাদের কী হয়েছে?’ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের প্রথম চার মাসে তিন হাজার ৪০৬ নারী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে, বাকিরা এখনো নিখোঁজ।

এ পরিস্থিতিকে ‘পেরুর জন্য আসন্ন বিপদ’ হিসেবে দেখছেন ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ। তিনি বলেন, তিন কোটি ৩০ লাখ ৩৩ লাখ জনসংখ্যার দেশে এই ধরনের ঘটনা রোধে রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

এর আগেও ব্যাপক সংখ্যক নিখোঁজের ঘটনায় খবর হয় পেরু। ২০২২ সালে পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হন। যাদের বেশিরভাগই মেয়ে ও কিশোরী। তবে ওই সংখ্যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ কম।

নিখোঁজের ঘটনায় যথেষ্ট তদন্ত হয় না বলে অভিযোগ বিভিন্ন সংস্থার। তাদের মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না। অপহরণের মতো ঘটনাকে গুরুত্ব দেয়া হয় না। বরং মনে করা হয় ওই নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছেন।