তুরস্কে রোববার অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিকে দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠানের দিকে যেতে হচ্ছে। দেশিটির সংবিধান অনুযায়ী কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়ায়। দেশটির গত একশ বছরের ইতিহাসে এ প্রথম নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ২৮ মে।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ৯৯ শতাংশ ভোট গণনার পর বর্তমান প্রেসিডেন্ট রিসেই তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৬ শতাংশ ভোট।

এদিকে আঙ্কারায় নিজের সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, জনগণ যদি দ্বিতীয় দফার কথা বলে তবে আমরা তাতে অংশ নেবো এবং জয়ী হবো। দ্বিতীয় দফা নির্বাচনে জয়ী হওয়ার শপথ নিয়েছেন  কামাল কিলিচদারোগলুও। তিনি বলেছে, তার প্রতিদ্বন্দ্বী মানুষের আস্থা ভোট অর্জনে ব্যর্থ হয়েছেন।

এদিকে দেশটির পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে। এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৩২৩টি আসন। এর মধ্যে একে পার্টি একাই ২৬৭টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স জয়ী হয়েছে ২১১ আসনে।