সুদানে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো জানিয়েছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবেন না।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, তিনদিনের যুদ্ধবিরতির মাঝে তার যোদ্ধাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ হয়েছে।

‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না’ উল্লেখ করে চলমান সহিংসতার জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে দায়ী করেন হেমেডটি।

এদিকে জেনারেল বুরহান দক্ষিণ সুদানে সরাসরি আলোচনার বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছিলেন। জবাবে হেমেডটি বলেছেন, শত্রুতা বন্ধ করুন। এরপরই আমরা আলোচনায় বসতে পারি।

জেনারেল বুরহানের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। তবে ক্ষমতাচ্যুত শাসক ওমর আল বশিরের অনুগতদের সরকারের নিয়ে আসার অভিযোগ করে বুরহানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেন।

প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রবল গণআন্দোলনের জের ধরে সেনাবাহিনী ও আরএসএফ যৌথভাবেই বশিরকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল।

বশিরের তিন দশকের রাজত্বকাল পরিচিত ছিল ধর্মীয় আইন কার্যকরের জন্য। এখন ডাগালো বলছেন, দুঃখজনকভাবে উগ্রবাদী ইসলামী নেতাদের দ্বারা বুরহান পরিচালিত হচ্ছে।

সুদানে বেসামরিক শাসন ফিরিয়ে আনা বিশেষ করে এক লাখ সদস্যের আরএসএফকে সেনাবাহিনীতে নিয়মিতকরণের সময়সীমা নিয়ে সম্প্রতি সমঝোতা ভেঙে পড়ে। এরপর থেকে সংঘাত চলমান রয়েছে।

হেমেডটি বলেন, আমি আজকেই বেসামরিক সরকার পেতে চাই। আগামীকাল নয়। একটি পূর্ণ বেসামরিক সরকার। এটাই আমার নীতি।

আরএসএফ প্রধানের গণতন্ত্রের প্রতি এমন অঙ্গীকার প্রকাশ নতুন কোনো বিষয় নয়। যদিও বিশ্লেষকরা অতীতে গণআন্দোলন দমাতে এই বাহিনীকে নিষ্ঠুরভাবে ব্যবহারের কথাও উল্লেখ করে থাকেন।

লুটপাটসহ বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ১৪ দিন আগে শুরু হওয়া সংঘর্ষ থেকে মুক্ত রাখতে তার যোদ্ধারা শহরবাসীকে সহায়তার চেষ্টা করছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত কমপক্ষে ৫১২ জন নিহত ও ৪ হাজার ১৯৩ জন আহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়। জাতিসংঘ বলছে, এরই মধ্যে দেশটির লাখ লাখ নাগরিক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।