ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। এতে করে অবরুদ্ধ এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। খবর আনাদোলু এজেন্সি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।

বিবৃতিতে আরো জানানো হয়, ‘অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না।’

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরো ৩ হাজার ৭৪৭ জন নিহত ও প্রায় ১০ হাজার ৬০০ জন আহত হয়েছেন।