জাতিসংঘ বলছে, ইসরায়েলের চলমান হামলায়
সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে গাজার শিশুরা। বিমান ও বর্তমান স্থল হামলায় প্রতিদিন গড়ে
৪২০ শিশু নিহত বা আহত হচ্ছে। খবর আলজাজিরা।
গতকাল সোমবার (৩০ অক্টোবর) ইউনিসেফের
নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, হতাহত বৃদ্ধির প্রকৃত
মূল্য শিশুদের জীবন দিয়ে পরিমাপ করতে হচ্ছে আমাদের।
এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩৭ জন
শিশুর প্রাণ হারানোর কথাও ক্যাথরিন রাসেল উল্লেখ করেন।
ইউনিসেফের এই কর্মকর্তা মনে করেন হামাস-ইসরায়েল
সংঘাতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে শিশুরা। তিনি ইসরায়েলি শিশু নিহতের কথাও উল্লেখ
করেছেন। এপর্যন্ত ৩০ এর বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে অন্তত ২০ ইসরায়েলি
শিশু এখনো গাজা উপত্যকায় জিম্মি হয়ে আছে।
রাসেল সতর্ক করে বলেন, দিন দিন পরিস্থিতি
ভয়বহতার দিকে যাচ্ছে। সংঘাতের অবসান না হলে আমি এ অঞ্চলের শিশুদের ভাগ্য নিয়ে শঙ্কিত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেন তিনি। এছাড়া যেসব শিশু যুদ্ধবন্দি রয়েছে তাদেরও নিরাপদ
মুক্তির দাবি জানান। পাশাপাশি মানবিক সংকট নিরসনে সব পক্ষকে একত্রে কাজ করার আহ্বান
জানিয়েছেন ক্যাথরিন রাসেল।









