২০২২ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে বৈশ্বিক সামরিক ব্যয়। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে সামরিক ব্যয়ের এই চরম ঊর্ধ্বগতির কারণ বলে মনে করছে সামরিক খাত বিষয়ক থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)।

সোমবার (২৪ এপ্রিল) সংস্থাটির বিবৃতির বরাতে রয়টার্সের খবরে বলা হয়, বৈশ্বিক সামরিক ব্যয় ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারের রেকর্ড স্পর্শ করেছে। এর বেশিরভাগই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য হয়েছে, তবে অন্যান্য অনেক দেশও বিভিন্ন কারণে তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে।

থিংক ট্যাংকটি বলেছে, ইউক্রেনে সামরিক ব্যয় ২০২২ সালে ছয় গুণেরও বেশি বেড়ে ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ পরিমাণ এক বছরে এসআইপিআরআইয়ের রেকর্ড করা দেশগুলোর সামরিক ব্যয়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ইউরোপে সামরিক ব্যয় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।

এসআইপিআরআইয়ের গবেষকদের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সামরিক ব্যয় বৃদ্ধির এ হার একটি অনিরাপদ বিশ্বের ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রগুলো একটি অবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তাদের জন্য ক্ষতিকর।