নাইজেরিয়ায় দুর্ঘটনাকবলিত জ্বালানিবাহী একটি ট্যাংকার থেকে পেট্রল সংগ্রহের সময় বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছে। গতকাল সকালে দেশটির রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়কের ডিক্কো এলাকায় এ ঘটনা ঘটে।
নাইজেরিয়ার নাইজার রাজ্যের ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) প্রধান কুমার সুকওয়াম বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে ডিক্কো এলাকায় ওই ট্যাংকার দুর্ঘটনায় পড়ে। সেটিতে ৬০ হাজার লিটার পেট্রল ছিল। এখন পর্যন্ত বিস্ফোরণে ৭০ জন নিহত হয়েছে।’
দুর্ঘটনার পর ট্যাংকারটি থেকে লোকজন জ্বালানি সংগ্রহ করছিল। ওই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কুমার সুকওয়াম বলেন, ‘নিহত বেশির ভাগ মানুষের শরীর এমনভাবে পুড়ে গেছে যে চেনার উপায় নেই।’
নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। গত ১৮ মাসে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।










