ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের জন্য সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কোটেশ্বরের কাছে ধোঁয়া দেখা যাওয়ার পর থেকেই এই সতর্কতা জারি করা হয়। বিমানবন্দরের কর্তৃপক্ষ এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। খবর কাঠমাণ্ডু পোস্ট।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পান্ডে নিশ্চিত করেছেন, পরিস্থিতি গুরুতর হলেও বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ নয়। তিনি বলেন, ‘বিমানবন্দর বন্ধ হয়নি। আমরা এটি বন্ধও করব না।’ তবে ধোঁয়া এবং চলমান অবস্থার কারণে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে, বিমানকর্মীরাও বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। যানবাহন চলাচলে সমস্যা এবং নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁদের গতিবিধি সীমিত করা হয়েছে, ফলে কোনো ফ্লাইটই টেকঅফ করতে পারছে না। বুদ্ধা এয়ারের মতো অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। রানওয়েতে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে হতাশা ও চাপা উত্তেজনা বিরাজ করছে। সবার মনে একটাই প্রশ্ন, কখন স্বাভাবিক হবে সবকিছু?
বিমানবন্দরের লাউঞ্জে বসে থাকা যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট সময় জানাতে পারছে না। যাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করছেন, খবরের কাগজ পড়ছেন আর মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জানাচ্ছেন। কিছু যাত্রী ক্ষুব্ধ, কিছু হতাশ, আবার কেউ কেউ শুধু পরিস্থিতির শিকার হিসেবে মেনে নিয়েছেন।










