ভূমধ্যসাগরে গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজের বহর লক্ষ্য করে সম্প্রতি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে জাহাজের ক্রুরা নিরাপত্তা সহায়তা চাইলে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয় ইতালি ও স্পেন। এরই মধ্যে বহরটিকে নিরাপত্তা দিতে নিজ নৌবাহিনী পাঠিয়েছে তারা। খবর সিএনএন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) ত্রাণবাহী বহরে ৪৪টি দেশের ৫০টিরও বেশি জাহাজ অংশ নিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজার্টে সমুদ্রবন্দর থেকে এ জাহাজগুলো যাত্রা শুরু করে। গাজায় পৌঁছানোর মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় বহরটি। সংগঠনটির দাবি, এটি ইসরায়েলের ভয়ভীতি প্রদর্শনের অংশ। তারা ভয়ভীতি দেখাতেই ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে ইতালি ও স্পেন। তারা বলছে, মানবিক সহায়তা কখনো হামলার লক্ষ্য হওয়া উচিত নয়।

জানা গেছে, জাহাজগুলোয় বিভিন্ন দেশের ৫০০ জনেরও বেশি নিরস্ত্র মানুষ রয়েছেন। হামলার পর একটি জাহাজ থেকে স্পেনের এক সংসদ সদস্য সিএনএনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিষয়টিকে আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেতে হবে। সেজন্য ইউরোপীয় কমিশনসহ সব দেশের সমন্বয়ে ব্যবস্থা নেয়া দরকার।

সিএনএনের প্রতিবেদন বলছে, ফ্লোটিলার বহরে থাকা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতালি প্রথমে একটি যুদ্ধজাহাজ পাঠায়। পরে আরো একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেয়। স্পেনও তাদের একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তারা তাদের নাগরিকদের রক্ষা করবে; কূটনৈতিক ও রাজনৈতিক দুইভাবেই।

এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ফ্লোটিলার ত্রাণবাহী বহরকে থামাবে। এ ত্রাণ তারা আশকেলন বন্দরে নিতে প্রস্তুত।