যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার এ নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। খবর এনডিটিভি।

২০২১ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের বিমানবন্দরে ৬২ বছর বয়সী সোলেইমানিকে হত্যা করা হয়। ওই হামলা কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের একটি আদালত তিন হাজার ৩০০ জনেরও বেশি ইরানির করা মামলায় বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতি হিসেবে মার্কিন সরকারকে ৪৯ দশমিক সাত বিলিয়ন ডলারের জরিমানা করেছে।

মামলায় ৪২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত, যার মধ্যে ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রয়েছেন।