ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ঝড় শুরু হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে। প্রচণ্ড বাতাসের কারণে ঘড়বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে রাজ্যটিতে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম মিয়ানমার নাউয়ের খবরে বলা হয়েছে, আজ রোববার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাখাইন রাজ্যে।

স্থানীয়দের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ে শহরে উপড়ে গিয়েছে বেশ কয়েকটি গাছ, ধসে পড়েছে কিছু বাড়ির ছাদও। কোনো কোনো এলাকায় উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি।

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের গত এক দশকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় মিয়ানমারের উপকূল ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। আজ বিকেলে সিতুয়ে এলাকায় পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানতে পারে মোখা।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে জলোচ্ছ্বাস হবে। তবে এর প্রভাবে বাংলাদেশের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমারের উপকূল এলাকা। আবহাওয়া অধিদপ্তর ফেসবুকে জানিয়েছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশে জলোচ্ছ্বাসের উচ্চতা কমপক্ষে ১-২ মিটার কম হবে।

আজ সকালে বাংলাদেশের উপকূলীয় এলাকায় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।