সংঘাতে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুমে এক বিমান হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের পাঁচজন শিশু। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়, সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে এটি সবচেয়ে খারাপ ঘটনার একটি।

গতকাল শনিবারের (১৭ জুন) এই হামলা বিমান নাকি ড্রোন থেকে করা হয়েছে তা স্পষ্ট নয়। সেনাবাহিনী ও আরএসএফ বরাবরই এসব ঘটনায় পরস্পরের দিকে আঙুল তাক করে আছে। এ দফায় আরএসএফ প্রতিপক্ষের দোষ দিলেও সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন শিশু, কয়েকজন নারী ও বয়স্ক মানুষ। কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত এপ্রিলের মাঝামাঝিতে এই সংঘাতের শুরু। একাধিক দেশ ও সংস্থা পরিস্থিতি প্রশমনে চেষ্টা করলেও সময় যত গড়িয়েছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, খার্তুমের দক্ষিণাঞ্চলের ইয়ারমুক এলাকায় এই সংঘর্ষ ঘটে। কয়েক সপ্তাহ ধরে এখানেই হামলা কেন্দ্রীভূত। এই এলাকায় সেনা নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি রয়েছে। ফেসবুকে পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, এ সময় অন্তত ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে।

ইমার্জেন্সি রুম নামের স্থানীয় এক সংগঠন এই এলাকায় মানবিক সাহায্য পৌঁছে দিতে সাহায্য করছে। তারা বলেছে, ওই হামলায় অন্তত ১১ জন ব্যক্তি আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও ধ্বংসাবশেষের মধ্যে মানুষের জিনিসপত্র খোঁজার ছবি পোস্ট করেছে তারা।