ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানিকে (৭৫) উত্তর ইরানের একটি ব্যাংকের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে তাকে গুলি করা হয়।
এপির খবর জানিয়েছে, ব্যক্তিগত কাজে ব্যাংকে গিয়েছিলেন আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি। সেখানে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদমাধ্যম জানাচ্ছে, হামলাকারী ব্যক্তি ওই ব্যাংকেরই নিরাপত্তা প্রহরী। ঘটনার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চালাচ্ছে দেশটির পুলিশ প্রশাসন।
আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি দেশটির মুসলিম ধর্মীয় বিশেষজ্ঞদের ৮৮ জন আলেমদের একজন এবং সর্বোচ্চ পর্যায়ের একজন ধর্মীয় নেতা। এর আগে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।










