আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নিহত ১১ পর্বতারোহীর মরদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। আজ সোমবার (৪ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্স।

ঘটনাস্থল থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকয় ৭৫ জন পরবর্বতারোহী ছিলেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মী দলের সদস্য জোদি হরিয়াওয়ান। তবে নিরাপত্তা ঝুঁকির ফলে নিখোঁজ আরো ১২ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

গতকাল রোববার ২ হাজার ৮৯১ মিটার উচ্চতার অগ্ন্যুৎপাতের ছাই প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে ওই এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও বাসিন্দাদের ওই ৩ কিলোমিটার এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাইয়ে ঢেকে গেছে ওই স্থানের রাস্তাঘাট ও বিভিন্ন যানবাহন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই অবস্থায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আজ সকালে ৪৯ পর্বতারোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী জোদি। উদ্ধারকৃতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

১৯৭৯ সাল থেকে মারাপি সুমাত্রা দ্বীপের মরণখ্যাত আগ্নেয়গিরি হিসেবে পরিচিতি লাভ করে। ওই বছর সেখানে প্রায় ৬০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছিল।