মাঝ আকাশে বিপত্তির মুখে পড়েছে গাম্বিয়া ফুটবল‌ দল। আফ্রিকান নেশন্স কাপে খেলতে আইভরি কোস্টের উদ্দেশ্যে রওনা দেয়ার তাদের বহনকারী উড়োজাহাজে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। এসময় অক্সিজেন সংকট দেখা দিলে একাধিক ফুটবলার অজ্ঞান হয়ে পড়েন। খবর হিন্দুস্তান টাইমস।

আগামীকাল শনিবার (১২ জানুয়ারি) আইভরি কোস্টে শুরু হতে চলেছে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর আফ্রিকা কাপ অব নেশন্স।

ফুটবলারদের নিয়ে উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুরু হয় তীব্র অক্সিজেন–সংকট। অক্সিজেনের অভাবে প্রায় সব ফুটবলার এবং কোচ টম সেইন্টফিটের মাথা ঘোরানো শুরু হয়ে যায়।

যাত্রীরা সংজ্ঞাহীন হয়ে পড়লে ফ্লাইট ঘুরিয়ে নেন পাইলট। গাম্বিয়ার রাজধানী বানজুলের ইয়ানদুম বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ৩০ মিনিট পর নিরাপদে অবতরণ করানো হয়। প্রাণে বাঁচে পুরো গাম্বিয়া দল।

প্রতিবেদনে বলা হয়, ইয়ানদুম বিমানবন্দর থেকে উড়ানের নয় মিনিটের সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়।

এক বিবৃতিতে গাম্বিয়া ফুটবল ফেডারেশন (জিএফএফ) জানিয়েছে, ফ্লাইটের কর্মীরা দ্রুতই বুঝতে পারেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে ও কেবিনে চাপ কম। পাইলট সঙ্গে সঙ্গে বানজুলে ফিরে যাওয়ার অনুরোধ জানান।

ফুটবলাররা অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে সবাই সুস্থ রয়েছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা স্থানীয় ওশান বে হোটেলে থাকবেন গাম্বিয়ার ফুটবলাররা।

আফ্রিকা কাপ অব নেশন্সে গাম্বিয়ার প্রথম ম্যাচ ১৫ জানুয়ারি। এদিন তাদের প্রতিপক্ষ সেনেগাল। ‘সি’ গ্রুপে আরো রয়েছে ক্যামেরুন ও গিনি প্রজাতন্ত্র।