অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের একটি জ্বালানি ডিপোতে হামলা করেছে ইউক্রেন, এ অভিযোগ রাশিয়ার। ঘটনাস্থল থেকে আকাশে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর রয়টার্স।

গতকাল শনিবার (২৯ এপ্রিল) ভোরে সেভাস্তোপলের বন্দর এলাকায় রুশ জ্বালানি মজুদে ড্রোন হামলা চালানো হয়।

শহরটির মস্কো নিযুক্ত গভর্নর এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। পরে এও জানান, বিপর্যয় ঘটার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন ইউক্রেনের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা। তিনি জানান, ধ্বংস করা ১০টির বেশি ট্যাংক ৪০ হাজার টন জ্বালানি তেল রাখতে পারত। যা রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটে ব্যবহার করা হয়।

তবে সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, তেল ট্যাংকে একটি মাত্র ড্রোন আঘাত করেছে।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তখন থেকেই দখলকৃত এলাকা ফেরত নিতে প্রাণপণ লড়ছে কিয়েভ। সম্প্রতি ব্যাপক অস্ত্র সহযোগিতা পাওয়ার পর নতুন উদ্যমে আক্রমণের ছক আঁটছে দেশটি।

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ইউক্রেন বলেছে, যেকোনো শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো ক্রিমিয়াসহ দখলে নেয়া সব অঞ্চলের নিয়ন্ত্রণ।

ড্রোনের মাধ্যমে ক্রিমিয়ায় আক্রমণের একাধিক অভিযোগ উঠলেও কখনো সরাসরি স্বীকার করেনি কিয়েভ। তবে ওই সব ঘটনায় উদযাপনের কমতি থাকে না।

ইউক্রেনের সামরিক কর্মকর্তা আন্দ্রি ইউসভ বলেননি যে তারা হামলা চালিয়েছেন। সংবাদমাধ্যমেকে বলেন, গত শুক্রবার উমান শহরে রুশ হামলায় ২৩ জন নিহতের পর জ্বালানি ডিপোতে বিস্ফোরণ ছিল ‘ঈশ্বরের শাস্তি’।

তার মতে, এই শাস্তি দীর্ঘস্থায়ী হবে। সামরিক কাঠামো ও দখলদারদের সরবরাহ পরিষেবার কাছাকাছি না থাকতে স্থানীয় বাসিন্দাদের সতর্কও করে দেন তিনি।

সেভাস্তোপলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে ইউক্রেনের। সেই বাধা অতিক্রমে তাদের সাহায্য করছে ড্রোন।