সিরিয়ার দারা এলাকায় ইসরায়েলি হামলায়
আট সেনা নিহত হয়েছেন ও আরো সাতজন আহত হয়েছেন। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)
দাবি করছে, অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার দিকে প্রথমে রকেট ছোড়া হয়। এরপর আজ বুধবার
(২৫ অক্টোবর) ভোরে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে ইসরায়েল।
তারা আরো জানায়, যুদ্ধবিমানগুলো সেনাবাহিনীর
সামরিক অবকাঠামো ও মর্টার মোতায়েন স্থানগুলোতে হামলা চালিয়েছে।
সানার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি
হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
আইডিএফ বলেছে, গতকাল মঙ্গলবার রাতে
ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিয়া থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। দুটি ক্ষেপণাস্ত্রই
খোলা জায়গায় বিস্ফোরিত হয়, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার দামেস্ক
ও আলেপ্পো বিমানবন্দরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল।









