ব্রাজিলে বন্য পাখির শরীরে উচ্চ সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচ৫এন১) বা বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্পেরিতো সান্তো রাজ্যের কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের শুরুতে ব্রাজিলে প্রথমবারের মতো এ ভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করে রাজ্যটি। খবর রয়টার্স।

স্পেরিতো সান্তো রাজ্যের কৃষি সরবরাহ, অ্যাকুয়াকালচার ও মৎস্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এইচ৫এন১ ভাইরাসে আক্রান্তের লক্ষণ দেখার পর চারটি পাখির নমুনা নেয়া হয়েছে। এসব পাখির সবই থ্যালাসেসাস অ্যাকুয়াফ্লাভিডাস প্রজাতির (ক্যাবট টার্ন)। ক্যাম্পিনাস শহরের ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথের (ডব্লিউওএএইচ) একটি রেফারেন্স ল্যাবরেটরিতে এ নমুনাগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে। শিগগিরই এ পরীক্ষার ফলাফল পাওয়ার প্রত্যাশা রাজ্য কর্তৃপক্ষের।

স্পেরিতো সান্তো কর্তৃপক্ষ বলছে, ব্রাজিলের ন্যাশনাল এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভিল্যান্স প্ল্যানের অংশ হিসেবে একটি বিশেষ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পাখি পাওয়া যায় এমন সব সরকারি বা ব্যক্তিমালিকানাধীন প্রপার্টিগুলো পরিদর্শন করা হচ্ছে।

কোনো খামারে অত্যন্ত সংক্রামক এ রোগের আক্রমণ সাধারণত পুরো খামার শেষ করে দিতে পারে। বাণিজ্যিক নিষেধাজ্ঞার সূত্রপাতও ঘটাতে পারে। অবশ্য ডব্লিউওএএইচের নির্দেশিকা অনুযায়ী, বন্য পাখির শরীরে ফ্লু শনাক্ত হলে সেটি সার্বিক নিষেধাজ্ঞার সূচনা করবে না। দেশটির তৃতীয় বৃহত্তম ডিম উৎপাদনকারী রাজ্য স্পেরিতো সান্তো। আর ব্রাজিল হলো বিশ্বের বৃহত্তম মুরগি রফতানিকারক দেশ। 

স্পেরিতো সান্তো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাখির নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব পাখি রাজ্যের নোভা ভেনিসিয়া, ইটাপেমিরিম, লিনহারেস ও ভিটোরিয়া এলাকায় ধরা পড়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, স্পেরিতো সান্তোর পুনর্বাসন কেন্দ্রে রাখা প্রায় ২৬টি পাখি সম্ভাব্য সংক্রমণ রোধে মেরে ফেলা হয়েছে।