সুদানে যুদ্ধরত জেনারেলদের মধ্যে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও আক্রমণ প্রতিরোধ অব্যাহত রয়েছে। এতে দেশটির বেসামরিক জনগোষ্ঠী ও বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসির প্রতিবেদন বলছে, খার্তুম ও আশপাশের অঞ্চলে নিয়মিত বিমান হামলা, ট্যাংক ও আর্টিলারি আক্রমণ অব্যাহত রয়েছে।
আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো হেমেটি বিবিসিকে বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার পরও তার যোদ্ধাদের ওপর নিরলসভাবে আক্রমণ করা হচ্ছে।’ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান তথ্যানুযায়ী, এ যুদ্ধে এরই মধ্যে ৫০০-এর বেশি মানুষ মারা গেছে। এ সময় আহত হয়েছে চার হাজারের বেশি। প্রতিবেদন বলছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা সম্ভবত আরো অনেক বেশি।
এদিকে যুদ্ধের কারণে কয়েক হাজার মানুষ জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। চলমান সহিংসতার জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে দায়ী করেন হেমেটি। আরএসএফ নেতা বলেন, ‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না’। তবে আক্রমণ পুরোপুরি বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি কোনো আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুদ্ধরত দলগুলোর মধ্যে যেকোনো কার্যকর বা বিস্তৃত সংলাপের সম্ভাবনা আরো দূরবর্তী বলেই মনে হচ্ছে।
জেনারেল বুরহান দক্ষিণ সুদানে সরাসরি আলোচনার বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছিলেন। জবাবে হেমেটি বলেন, ‘শত্রুতা বন্ধ করুন। এর পরই আমরা আলোচনায় বসতে পারি।’ জেনারেল বুরহানের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। তবে ক্ষমতাচ্যুত শাসক ওমর আল বশিরের অনুগতদের সরকারে নিয়ে আসার অভিযোগ করে বুরহানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন।
প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রবল গণআন্দোলনের জের ধরে সেনাবাহিনী ও আরএসএফ যৌথভাবেই বশিরকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল। বশিরের তিন দশকের রাজত্বকাল পরিচিত ছিল ধর্মীয় আইন কার্যকরের জন্য। দাগালো বলেন, ‘দুঃখজনকভাবে উগ্রবাদী ধর্মীয় নেতাদের নেতৃত্বে বুরহান পরিচালিত হচ্ছে।’
সুদানে বেসামরিক শাসন ফিরিয়ে আনা, বিশেষ করে এক লাখ সদস্যের আরএসএফকে সেনাবাহিনীতে নিয়মিতকরণসংক্রান্ত সমঝোতার পরিকল্পনা সম্প্রতি ভেস্তে যায়। এর পর থেকে সংঘাত চলমান রয়েছে। হেমেটি বলেন, ‘আমি আজই বেসামরিক সরকার পেতে চাই। আগামীকাল নয়। একটি পূর্ণ বেসামরিক সরকার। এটাই আমার নীতি।’
আরএসএফ
প্রধানের গণতন্ত্রের প্রতি এমন অঙ্গীকার প্রকাশ নতুন কোনো বিষয় নয়। যদিও বিশ্লেষকরা অতীতে গণআন্দোলন দমাতে এ বাহিনীকে নিষ্ঠুরভাবে
ব্যবহারের কথাও উল্লেখ করে থাকেন।










