ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি ২০ মে দখলে নেয় রাশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপ। তবে শহরটি পুনরুদ্ধারে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ইউক্রেন। এক্ষেত্রে দেশটি পাল্টা আক্রমণ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেকসি দানিলভ।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দখলকৃত এলাকা পুনরুদ্ধারে পাল্টা এ হামলা কবে চালানো হতে পারে তার তারিখ নির্ধারণ হয়নি। তবে সপ্তাহখানেকের মধ্যে রাশিয়ার দখলদার বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন ওলেকসি দানিলভ। ভলোদিমির জেলেনস্কির যুদ্ধকালীন ডি ফ্যাক্টো মন্ত্রিসভার কেন্দ্রীয় এ সদস্য বলেন, এবারের আক্রমণে কিয়েভের কোনো ভুল করার সুযোগ নেই। কারণ এ ধরনের সুযোগ হয়তো আর কখনই আসবে না। এদিকে বেলারুশে রুশ পারমাণবকি অস্ত্র পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি ইউক্রেনের এ শীর্ষ কর্মকর্তা।
সোভিয়েত আমলে বাখমুতের নাম ছিল আর্টিওমভস্ক। শহরটি দখলের ঘটনাকে গত ১০ মাসেরও বেশি সময় ধরে চলা মস্কোর প্রথম বড় বিজয় হিসেবে মনে করা হয়। মূলত মাসের পর মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ শহর দখলে নিতে লড়াই চালিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। তাই এ শহরের দখল রাশিয়ার জন্য বিরল সাফল্য বলে বিবেচনা করা হয়। প্রসঙ্গত, আগামী ১ জুন দখলকৃত বাখমুত শহর রাশিয়ার হাতে তুলে দেয়ার কথা জানিয়েছে ওয়াহনার গ্রুপ। হস্তান্তরের আগে শহরটির সীমান্তরেখাও নির্ধারণ করা হবে বলে জানিয়েছে তারা।










