দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে- মিয়ং। তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী ও মন্ত্রিসভার প্রাক্তন সদস্য কিম মুন-সু'কে হারিয়ে এই বিজয় লাভ করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোট গণনার পর দেখা যায়, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পান ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে প্রায় তিন কোটি ৫০ লাখ ভোট পড়েছে। এটি ১৯৯৭ সালের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া সর্বোচ্চ ভোট। বুধবার লি-কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরপরই প্রেসিডেন্ট ও সর্বাধিনায়কের ক্ষমতা গ্রহণ করেন লি।

পার্লামেন্টের বাইরে দেওয়া এক বিজয় ভাষণে লি বলেন, ‘প্রথম লক্ষ্য হলো বিদ্রোহকে চূড়ান্তভাবে পরাজিত করা আর জনগণের বিরুদ্ধে বন্দুক ও তলোয়ার নিয়ে যেন আর কোনো সামরিক অভ্যুত্থান হতে না পারে তা নিশ্চিত করা। আমাদের জনগণের সম্মিলিত শক্তি সঙ্গে নিয়ে সাময়িক এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো আমরা। আমাদের ব্যাপক সক্ষমতা আছে।’

সেইসঙ্গে ধীর প্রবৃদ্ধির কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ও দেশকে বৈশ্বিক সংরক্ষণবাদের হুমকি থেকে রক্ষার প্রত্যয় জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট।