একটি ৩০০ পাউন্ডের কাঁকড়া ধরার বাক্সে আটকা পড়ে একটি বাচ্চা হ্যাম্পব্যাক
তিমি। পরে আলাস্কার উদ্ধারকারী দল এটিকে মুক্ত করে। গত ১১ অক্টোবর তিমিটিকে উদ্ধার করা হয়। খবর দ্য
গার্ডিয়ান।
একদিন আগে আলাস্কার দক্ষিণ অংশে গ্লেসিয়ার বে জাতীয় উদ্যানের কাছাকাছি
একটি শহর গুস্তাভাসের কাছে উপকূলীয় পানিতে আটকে পড়া তিমিটিকে দেখতে পায় দুই স্থানীয়
বাসিন্দা। গবেষকরা ধারণা করছেন তিমিটির বয়স তিন থেকে চার বছর হবে।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, বাসিন্দারা গ্লেসিয়ার বে ন্যাশনাল পার্কের
ভিজিটর ইনফরমেশন সেন্টারের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, গুস্তাভাস ডকের কাছে একটি তিমি অস্বাভাবিক
শব্দ করছে এবং অবাধে চলাফেরা করতে সমস্যা হচ্ছে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের জারি
করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে, জ্যানেট নিলসন নামের একজন তিমি জীববিজ্ঞানী জানান, পার্কের
কর্মীরা উপকূল থেকে তিমিটিকে শনাক্ত করে। তিনি উদ্ধারকাজে অংশগ্রহণ করেছিলেন।
এনপিএস টহল দলসহ উদ্ধারকারী দলের সদস্যরা ও বিশেষজ্ঞরা বুঝতে পারেন,
তিমিটি যে অবস্থায় আছে তা তার জীবনের জন্য হুমকি। এটি একটি কাঁকড়ার পাত্রে আটকা ছিল।
তারা আরো জানান, উদ্ধারকারী দলের সদস্যরা গিয়ারের মালিকের সঙ্গে যোগাযোগ
করে। তিনি জানান, তারা গুস্তাভাসের দক্ষিণ-পূর্বে
অবস্থিত প্লেজেন্ট আইল্যান্ডের কাছে পাত্রটি স্থাপন করে।









