ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ হাজারে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

মন্ত্রণালয়টির এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরারেলি হামলায় ২৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮২ জন। এনিয়ে  ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরো অনেক মাস’ চলবে। ইসরায়েল বলেছে, তারা মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা করেছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২১ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। নিহতদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু।