ইউক্রেনকে আরো বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। প্যারিসের এলিসি প্রাসাদে স্থানীয় সময় রোববার (১৪ মে) রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময় উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন। খবর রয়টার্স। 

গণমাধ্যমটি জানায়, বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, আগামী কিছুদিনের মধ্যে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ ও সরঞ্জাম দেবে। এছাড়া আরো কয়েকডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।

উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে। যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে।

জেলেনস্কি ইতালিতে সে দেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পর জার্মান গেছেন। ইউক্রেনে রুশ হামলার পর এ প্রথম তিনি জার্মানি সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়। জার্মানি সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘ইউরোপের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’