ভারতের বাজার থেকে ২ হাজার রুপির ব্যাংক নোট তুলে নেয়ার ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। আজ শুক্রবার (১৯ মে) এ ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সবার কাছে থাকা ২ হাজার রুপির নোটগুলো ব্যাংক থেকে বদলে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের ১৯টি আঞ্চলিক অফিসসহ অন্যান্য ব্যাংকগুলোতেও ২ হাজার রুপির নোট জমা দিয়ে সমপরিমাণ মুদ্রা বুঝে নিতে পারবেন সাধারণ মানুষ। এ লক্ষ্যে দেশের ব্যাংকগুলোকে ডিপোজিট ও এক্সচেঞ্জের সুবিধা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক।
২০১৬ সালে ২ হাজার রুপির নতুন নোট বাজারে আনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে ২০১৮ ও ২০১৯ সালে নোটটির মুদ্রণ বন্ধ করে দেয়া হয়। এখন থেকে নোটটি ইস্যু করা থেকেও বিরত থাকতে বলেছে আরবিআই।
২০১৬ সালে হঠাৎ দেশটিতে প্রচলিত ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল ঘোষণা করা হয়। ওই সময় নতুন নোটের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ৫০০ রুপি এবং ২ হাজার রুপির নতুন নোট আনা হয়। আরবিআই জানিয়েছে, ২০১৬ সালে নতুন নোটের চাহিদা মেটাতেই ২ হাজার রুপির নোট ছাপানো হয়েছিল। এখন নিজস্ব মুদ্রা নীতিমালা মেনেই বাজার থেকে নোটটি তুলে নেয়া হচ্ছে।










