চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা হলো তার। জেলেনস্কিকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, এটি ছিল একটি দীর্ঘ এবং অর্থপূর্ণ আলোচনা।

আলোচনার পর চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, সংকট সমাধানে শান্তির দূত পাঠাবে তার দেশ। তারা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ঝামেলা মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবে। রাশিয়ায় নিযুক্ত চীনের সাবেক এক রাষ্ট্রদূতকেই মধ্যস্থতাকারীর ভূমিকায় পাঠানো হবে বলে খবরে জানিয়েছে ডয়চে ভেলে।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বেইজিং সবসময়ই শান্তির পক্ষে। সংলাপ ও আলোচনাকেই সংকট সমাধানের একমাত্র পথ মনে করে তারা।

চীনা প্রেসিডেন্টের এ শান্তি উদ্যোগে খুশি জেলেনস্কি। তিনি বলেছেন, চীনা প্রেসিডেন্ট যে শান্তির দূত পাঠাচ্ছেন, তাদের উভয়পক্ষের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। এদিকে চীনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাশিয়াও।

আলোচনার পর চীন বলেছে, তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। তবে দেশটি কখনো মস্কোর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা লুকানোর চেষ্টা করেনি। সম্প্রতি রুশ সফরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রিয় বন্ধু বলেও উল্লেখ করেন। তারা রুশ অভিযানের নিন্দা যেমন করেনি, কখনো তাদের অস্ত্র দেয়ার অঙ্গীকারও করেনি।