গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ১০-১৫ হাজার সদস্য নিয়োগ করেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। দুজন কংগ্রেসসংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

ওই কর্মকর্তারা জানান, গাজা যুদ্ধে প্রায় সমসংখ্যক হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ এ সরকারি হিসাব এর আগে প্রকাশ করা হয়নি।

১৫ মাস ধরে চলা যুদ্ধের পর হামাস ও ইসরায়েল গত রোববার যুদ্ধবিরতি শুরু করেছে। গাজার ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও উত্তপ্ত করেছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, হামাস সফলভাবে নতুন সদস্য সংগ্রহ করলেও তাদের অনেকেই অল্প বয়সী ও প্রশিক্ষণহীন। এদের মূলত সাধারণ পাহারার কাজে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালকের দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ জানুয়ারি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাস, হামাস যত যোদ্ধা হারিয়েছে, প্রায় ততজন নতুন সদস্য সংগ্রহ করেছে।’ তিনি সতর্ক করে জানান, এটি ‘স্থায়ী বিদ্রোহ ও চিরস্থায়ী যুদ্ধের’ পরিস্থিতি সৃষ্টি করছে।

তবে হামাস ঠিক কতজন যোদ্ধা হারিয়েছে ও নতুন করে কতজন নিয়োগ দিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ব্লিঙ্কেন। তবে ইসরায়েলের হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধে হামাসের প্রায় ২০ হাজার যোদ্ধা নিহত হয়েছে।

ব্লিঙ্কেন আরো বলেন, ‘প্রত্যেকবার ইসরায়েল তাদের সামরিক অভিযান শেষ করে ফিরে আসার পর হামাসের যোদ্ধারা আবার সংঘবদ্ধ হয়ে আবির্ভূত হয়।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।

রয়টার্সের মন্তব্যের অনুরোধে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি সংগঠনের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর আগে জুলাইয়ে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছিলেন, তাদের সংগঠন কয়েক হাজার নতুন সদস্য নিয়োগ করেছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজার হামাস পরিচালিত প্রশাসন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত এলাকায় প্রাথমিক পরিষেবাগুলো পুনরুদ্ধার করতে শুরু করেছে।