পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে দুটি মালগাড়ি। আজ রোববার (২৫ জুন) সকালে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা দেয় অন্য একটি মালগাড়ি। রেল কর্মকর্তারা বলছেন, সম্ভবত মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই সিগন্যাল দেখতে পাননি।

কলকাতার গণমাধ্যম জানায়, ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে।

গতি বেশি থাকায় মালগাড়িটির ইঞ্জিন অপরটির ওপরে উঠে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় একাধিক বগি। দুই মালগাড়ির মোট ১৩টি ওয়াগন লাইনচ্যুত হয়।

এ প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মণীশ কুমার বলেন, চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে। মনে হচ্ছে, তার চোখ লেগে এসেছিল। ভোর ৪টার সময় মাঝেমাঝে ঘুম এসে যায়। তাই চালক সিগন্যাল দেখতে পাননি। সিগন্যাল লাল ছিল। পয়েন্ট লুপ লাইনের দিকে সেট করা ছিল। সেখানে অন্য মালগাড়ি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে সেই মালগাড়িটিতে ধাক্কা মারেন চালক।

এই ঘটনায় কেউ তেমন আহত হননি বলে জানিয়েছেন মণীশ। ওই দুর্ঘটনা বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।

এর আগে গত ২ জুন ওড়িশায় এক দুর্ঘটনায় তিনটি ট্রেনের ২৯১ যাত্রী মারা যান। আহত হন এক হাজারেরও বেশি।