ব্রাজিলে গ্রেফতার দুই ব্যক্তিকে নিয়ে মন্তব্য করে রাষ্ট্রীয় পর্যায়ে টানাপড়েন তৈরি করেছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তাদের দাবি, হিজবুল্লাহর হামলার ছক বানচাল করতে ব্রাজিলকে সাহায্য করেছে।

এক প্রতিবেদনে ঘটনাটি উল্লেখ করে ভয়েস অব আমেরিকা জানায়, হামাসের সঙ্গে সংঘাতের পটভূমিতে লাতিন আমেরিকার বৃহত্তম দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়নের এটাই সর্বসাম্প্রতিক ঘটনা।

গত ৮ নভেম্বর সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে ব্রাজিল। ওই দিন প্রকাশ্যে ব্রাজিলের পুলিশকে ধন্যবাদ জানায় মোসাদ। সঙ্গে এও বলে, ‘গাজার যুদ্ধের পটভূমিতে’ হিজবুল্লাহ ইসরায়েলি, ইহুদি ও পশ্চিমা লক্ষ্যবস্তুগুলোতে হামলা অব্যাহত রেখেছিল।

মোসাদের এই মন্তব্যে ক্ষুব্ধ হন ব্রাজিলের বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো। এর পরদিন বৃহস্পতিবার ইসরায়েলকে কড়া তিরস্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ব্রাজিল সার্বভৌম দেশ’ ও ‘ব্রাজিলের ফেডারেল পুলিশকে কোনো বিদেশী শক্তি নির্দেশ দিতে পারে না’।

তিনি লেখেন, আমরা যথাযথ আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করি। কিন্তু ব্রাজিলের পুলিশ সংস্থাকে নির্দেশ দেয় বা অপপ্রচার ও নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য আমাদের তদন্তকে ব্যবহার করে এমন কোনো বিদেশী কর্তৃপক্ষকে আমরা অস্বীকার করি।

ব্রাজিলের ফেডারেল পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিনো ক্ষুব্ধ কারণ মোসাদের বিবৃতি থেকে মনে হচ্ছে ইসরাইলের কাছ থেকে নির্দেশ নিচ্ছে ব্রাজিল এবং অনেকের ধারণা হতে পারে যে, চলমান যুদ্ধে ব্রাজিল নির্দিষ্ট পক্ষ নিচ্ছে। অবশ্য বিষয়টি নিয়ে পরে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

দুই ব্যক্তিকে আটক প্রসঙ্গে ডিনো এও বলেছিলেন, ব্রাজিলের এ তদন্তের সঙ্গে ‘আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই’।