উত্তর-পূর্ব ইতালিতে মারাত্মক বন্যায়
বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩৬ হাজারেরও বেশি বাসিন্দা। স্থানীয় কর্মকর্তারা বলেছেন,
বাড়তে থাকা পানির তোড়ে আরো বাড়িঘর ভেসে যাচ্ছে, নতুন নতুন ভূমিধসে বিচ্ছিন্ন হচ্ছে
জনপদ। খবর দ্য গার্ডিয়ান।
এমন জরুরি অবস্থা মোকাবেলায় সময়ের আগেই
জাপানের জি৭ শীর্ষ সম্মেলন ছেড়ে আসার ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
গত সপ্তাহের মাঝামাঝিতে ভারী বর্ষণে দেশটিতে
২০টির বেশি নদীর পানি উপচে পড়ে। এ সময় ১৪ জন মারা যায়। বৃষ্টিপাত বাড়তে থাকায় আজ রোববার
(২১ মে) পর্যন্ত আবহাওয়ার ‘রেড’ সতর্কতা বাড়িয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
গতকাল টোকিওতে সাংবাদিকদের প্রধানমন্ত্রী
মেলোনি বলেন, গুরুতর এই মুহূর্তে ইতালি থেকে এত দূরে থাকতে পারব না।
জি৭ নেতাদের সাহায্যের প্রস্তাবের জন্য
ধন্যবাদও জানান মেলোনি। আজ তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শন করবেন আশা
করা হচ্ছে।
গতকাল শনিবার রাভেনার কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ
গ্রাম থেকে বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এদিন উদ্ধার কাজের সঙ্গে
জড়িত একটি হেলিকপ্টার বিধ্বংস্ত হলে একজন আহত হন।
বলা হচ্ছে, এমিলিয়া-রোমাগনা অঞ্চলে দেড়
দিনেই মাঝে ছয় মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। এ বন্যাকে দেশটিতে শতাব্দীর মধ্যে সবচেয়ে
বাজে বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে।
বন্যার কারণে এই অঞ্চলে ৩০৫টিরও বেশি ভূমিধস
হয়েছে এবং ৫০০টিরও বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে।
গতকাল বোলোগনার মেয়র মাত্তেও লেপোর বলেন,
কয়েকদিনের বন্যায় সড়ক ও অবকাঠামোতে যে ক্ষতি হয়েছে তা মেরামত করতে কয়েক মাস, এমনকি
কিছু ক্ষেত্রে কয়েক বছরও লেগে যেতে পারে।










