প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া ও ভারত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জাপানে চলমান জি৭ শীর্ষ সম্মেলনের সময় গতকাল দ্বিপক্ষীয় এক বৈঠকে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছেন। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
জাপান সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট ইউন গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হিরোশিমার এক হোটেলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি উভয় দেশের নেতার প্রথম মুখোমুখি বৈঠক। এছাড়া এ বছর উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে।
প্রেসিডেন্ট ইউনের মুখপাত্র লি ডো-হুন সাংবাদিকদের বলেন, দুই নেতা কোরিয়া-ভারত ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিকে এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা ২০১০ সালে কার্যকর হয়েছিল। উভয় দেশের মধ্যে বাণিজ্য আরো প্রসারিত করতে ও সহযোগিতার নতুন ক্ষেত্রগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে এ বৈঠকে।
গত মার্চে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজিত দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে মোদির অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণতান্ত্রিক মূল্যবোধের অংশীদার ভারতকে ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবেলার আহ্বান জানান ইউন সুক-ইওল। মোদি এতে সম্মত হন এবং দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে আহ্বান জানান ইউনকে।
গণতান্ত্রিক সংহতির ভিত্তিতে সহযোগিতার জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলার গুরুত্ব নিয়ে উভয় নেতা একমত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইন্দো-প্যাসিফিক কৌশল ও ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।










