দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ফেরত দেয়ার আহ্বান জানানোয় একটি জাপানি এনজিওকে নিষিদ্ধ করেছে রাশিয়া। সোমবার (৭ এপ্রিল) রুশ সরকার এ পদক্ষেপ নিয়েছে। খবর বাসস।
রুশদের কাছে কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানিদের কাছে নর্দার্ন টেরিটরি নামে পরিচিত এ দ্বীপপুঞ্জটি জাপানের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। যুদ্ধের শেষ দিকে সোভিয়েত সামরিক বাহিনী চারটি দ্বীপ দখল করে নেয়। তখন থেকে সেগুলো রাশিয়ার দখলে রয়েছে। তবে টোকিও একে অবৈধ দখল হিসেবে অভিহিত করে।
রুশ প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, টোকিও-ভিত্তিক নর্দার্ন টেরিটোরিস ইস্যু অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ইতিহাস পুনর্লিখন ও রাশিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ এনে সংগঠনটিকে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০০৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি জাপানের দ্বীপপুঞ্জ ফেরত দেয়ার জন্য কাজ করা প্রধান সংগঠন। এটি শিশুদের বিরোধ সম্পর্কে শিক্ষামূলক উপকরণ সরবরাহ করে থাকে।
তাই এটি অবাঞ্ছিত ঘোষণা করা হলে, রাশিয়ায় এই সংস্থার হয়ে কাজ করা বা সহযোগিতা করা যে কেউ বিচারের মুখোমুখি হতে বাধ্য থাকবে।
এরই মধ্যে রাশিয়া ‘দি লীগ অব রেসিডেন্স অফ চিসিমা এন্ড হাবোমাই আইসল্যান্ডস’ নামে আরেকটি দলকে নিষিদ্ধ করেছে। দলটি সাবেক বাসিন্দাদের মাধ্যমে দ্বীপপুঞ্জে বার্ষিক ভ্রমণের আয়োজন করত।
এদিকে, রাশিয়ায় অবাঞ্ছিত হিসেবে চিহ্নিত অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি।










