গাজার হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেন। তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, ‘গাজার হাসপাতালে গতকালের হামলার জন্য
আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছিলাম। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে মনে হচ্ছে,
এটি অন্য দল করেছে, আপনি (নেতানিয়াহু) নন।’
এই হামলার জন্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে দায়ী করেছেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হামাস শুধু কষ্ট বাড়াচ্ছে।’ এর আগে এই হামলার জন্য হামাসকেই দায়ী করে ইসরায়েল। তাদের দাবি হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলবশন গাজার ওই হাসপাতালে আঘাত করেছে।
মূলত ইসরায়েলের ওই বক্তব্যকেই সমর্থন করেছে জো বাইডেন। তিনি বলেন ‘সেখানে
কত মানুষ রয়েছে সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। তবে, আমাদের অনেক বিষয় পেরিয়ে আসতে হবে।’
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বাইডেন বলেন, আমাদের একটি বিষয় মাথায় রাখতে
হবে, হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা শুধু ফিলিস্তিনি জনগণের
জন্য কষ্ট নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিরপরাধ ও সংঘাতের মাঝে আটকে পড়া
ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য আমি নেতানিয়াহুকে উৎসাহিত করেছি।
সফরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলে সফরে এসে আমি গর্বিত। আমি
ইসরায়েলের জনগণকে বলতে চাই- তাদের সাহসিকতা ও প্রতিশ্রুতি অত্যাশ্চর্য।’
হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে,
ওই ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে বলে দাবি তাদের।










