গতকাল রাজ্য পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ছত্তিশগড়ের শক্তি জেলার একটি বিদ্যুৎ কেন্দ্রে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রটি পরিচালনা করে বেদান্ত লিমিটেড, যা লন্ডনভিত্তিক বেদান্ত রিসোর্সেসের একটি সহযোগী প্রতিষ্ঠান। দুর্ঘটনার সময় শ্রমিকরা দুপুরের খাবার খাচ্ছিলেন বলে জানা গেছে।
জেলা পুলিশপ্রধান প্রফুল্ল ঠাকুর গতকাল সাংবাদিকদের জানান, বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৯-এ পৌঁছেছে এবং আহত ১৭ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পাইপলাইন ফেটে যাওয়ার পর অতিরিক্ত উত্তপ্ত বাষ্প ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা শ্রমিকরা মারাত্মকভাবে দগ্ধ হন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন, ফলে হতাহতের সংখ্যা বেশি। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেদান্ত রিসোর্সেসের চেয়ারম্যান অনিল আগরওয়াল। এক বিবৃতিতে তিনি বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।










