রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে
আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। খবর বিবিসি।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে আকস্মিকভাবে
ব্যাপক হামলা চালায় রাশিয়া বাহিনী।
কর্মকর্তারা জানান, গত ৫১ দিনের মধ্যে
রাজধানীতে এটিই প্রথম রুশ ক্ষেপণাস্ত্র হামলা। তবে তাৎক্ষণিকভাবে কিয়েভের বেসামরিক
হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় মেয়রের মতে, দিনিপ্রো শহরে এক
নারৗ ও তার তিন বছরের শিশুকন্যা নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উমান শহরের আবাসিক
ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
প্রকাশিত এক ভিডিওতে শহরটিতে বিধ্বস্ত
অ্যাপার্টমেন্ট ভবনের ছবি দেখা গেছে।
ক্রেমেনচুক ও পোলতাভা শহরের বিস্ফোরণের
খবর দিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।
টেলিগ্রাম চ্যানেলে কর্মকর্তারা জানান,
২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত
করেছে।
ধারণা করা হচ্ছিল, পশ্চিমা মিত্রদের সরবরাহ
করা ট্যাঙ্কসহ নতুন সরঞ্জাম নিয়ে বড়সড় সামরিক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয়
বাহিনী। এমন সময়ে দেশজুড়ে হামলার ঘটনা ঘটল।
বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর
বাখমুতের নিয়ন্ত্রণের জন্য লড়ছে মস্কো।










