উত্তর কোরিয়ার প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহ
পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং-উন। সঙ্গে ছিল তার মেয়ে জু-আয়ে। এ সময় ‘ভবিষ্যত কর্ম
পরিকল্পনা’ এগিয়ে নেয়ার অনুমতি দেন কিম। খবর দ্য গার্ডিয়ান।
উপগ্রহটি দেখার আগে গতকাল মঙ্গলবার (১৬
মে) অস্থায়ী প্রস্তুতি কমিটির সঙ্গে কিম দেখা করেন বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল
নিউজ এজেন্সি (কেসিএনএ)।
গত মাসে কিম বলেছিলেন, উপগ্রহ নির্মাণ
শেষ হয়েছে। এটি উৎক্ষেপণে সবুজ সংকেতও দিয়েছেন তিনি। নতুন সলিড-ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল
ব্যালিস্টিক মিসাইল চালুর এক সপ্তাহ পর এই খবর আসে।
ছবিতে স্যাটেলাইটটি অনেকটা অস্পষ্ট করে
দেখানো হয়েছে। যা দেখতে একিট বহুভুজ সিলিন্ডারের মতো। সোনার ফয়েলে আবৃত ও সৌর প্যানেল
লাগানো।
কেসিএনএ জানায়, প্রস্তুতি কমিটির সঙ্গে
বিশদ আলোচনার পর কিম উপগ্রহটি পরিদর্শন করেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে তার দেশের
বিরুদ্ধে ‘সংঘাতমূলক পদক্ষেপ’ নেয়ার জন্য বরাবরই অভিযুক্ত করে
আসছেন কিম। সঙ্গে বলছেন, উত্তর কোরিয়া আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।
২০২১ সালে কিম যে সব প্রতিরক্ষা প্রকল্প
অনুমোদন করেন তার একটি ছিল সামরিক উপগ্রহ। গত বছরের ডিসেম্বরে দেশটি গুপ্তচর উপগ্রহের
চূড়ান্ত-পর্যায়ের পরীক্ষা চালায়। যা এ বছরের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।
পিয়ংইয়ং এখনো উপগ্রহটি উৎক্ষেপণের দিনক্ষণ
জানায়নি। তবে কিম এপ্রিলে বলেছিলেন ‘পরিকল্পিত দিনে’
পাঠানো হবে।
বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং তার নিজস্ব
প্রযুক্তির সাহায্যে এবং রাশিয়া বা চীনের প্রযুক্তিগত সহায়তা ছাড়াই মহাকাশ প্রযুক্তিতে
এগিয়ে যেতে পারবে।










