এতদিন এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ কর আসছিল ডার্ক হেজেস প্রিজারভেশন ট্রাস্ট। সম্প্রতি কয়েকটি ঝড় এবং কালের ক্ষয় প্রক্রিয়ার ফলে অনেক গাছই দুর্বল হয়ে পড়েছে। তবে সম্প্রতি বিখ্যাত এই গাছগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে কজওয়ে কোস্ট অ্যান্ড গ্লেন্স হেরিটেজ ট্রাস্ট।
বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই গাছগুলো রোপন করা হয় প্রায় ২৫০ বছর আগে। আয়ারল্যান্ডের স্টুয়ার্ট পরিবার তাদের জমিদারি এলাকায় প্রবেশপথের সৌন্দর্য বাড়াতে এই সুদৃশ্য গাছের সারি তৈরি করেছিল। কিন্তু প্রকৃতির নিয়ম মেনে, সময়ের সাথে সাথে সেই গাছগুলোর অবস্থান এখন হুমকির মুখে।
সিসিজিএইচটির প্রধান নির্বাহী গ্রাহাম থম্পসন বলেন, ‘ইতালি বা দক্ষিণ ফ্রান্সের মতো উষ্ণ জলবায়ুতে বিচ গাছ ২৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে নর্দার্ন আয়ারল্যান্ডে এ ধরনের গাছ বড়জোর দেড়শ থেকে ২০০ বছর টিকে থাকে। ডার্ক হেজেসের গাছগুলো এখন প্রায় আড়াইশ বছর বয়সী, যা তাদের প্রাকৃতিক আয়ুর শেষ সীমার ইঙ্গিত দেয়।
বর্তমানে ডার্ক হেজেসে প্রায় ৮০টি গাছ টিকে আছে। ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর প্রতিটি গাছের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ঝড়ের পরে বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হবে। অতীতের গৌরব ধরে রাখা সম্ভব না হলেও, ডার্ক হেজেসকে রক্ষার জন্য নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। গাছগুলোর বংশধর যেন এই স্থানে নতুন জীবন পায়, সে লক্ষ্যেই কাজ করছে সংস্থাগুলো। থম্পসন বলেন, ‘প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, তবে আমরা চাই এই বিশেষ স্থানটি যতদিন সম্ভব মানুষের জন্য সৌন্দর্য ও বিস্ময়ের উৎস হয়ে থাকুক।’










