ইসরায়েলের কতৃপক্ষ সম্প্রতি ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের কিছু নিহত শিশুর ছবি দেখিয়েছে। তারা দাবি করেছে, ওইসব শিশুরা হামাসের হামলায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের ইসরায়েল এসব ছবি দেখিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি প্রকাশ করে। সংবাদমাধ্যম ধারণা করছে, এটি হামাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ জাগ্রত করার আপাত প্রচেষ্টার অংশ।

ব্লিংকেন সাংবাদিকদের জানান, তাকে গুলিবিদ্ধ শিশু ও সেনাদের শিরশ্ছেদ করার ছবি দেখানো হয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়া সাইট এক্সে নেতানিয়াহুর কার্যালয় থেকে কিছু প্রকাশ করা হয়। ক্যাপশনে তারা হামাসকে অমানবিক উল্লেখ করে ও ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করে। এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, এগুলো হামলার এবং যারা এর শিকার হয়েছে তাদের ‘‌ভয়ংকর’ ছবি।

তবে হামাসের ডেপুটি প্রধান, সালেহ আল-আরৌরি বলেন, আমাদের মূল পরিকল্পনা ছিল গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর দলকে লক্ষ্যবস্তু করা এবং শুধুমাত্র দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করা।

সংবাদমাধ্যম ছবিগুলো যাচাই করতে না পারলেও হোয়াইট হাউস বলেছে, ছবির সত্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রমাণিত ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ হামাসের হামলার সত্যতা নিশ্চিত করে।