চীনে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। গতকাল বুধবার (২১ জুন) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলের ইনচুয়ানে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে খবরটি জানিয়েছে সিএনএন।

আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ছয়জনকে অল্প আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে আজ ভোর চারটা পর্যন্ত উদ্ধারকর্মীরা কাজ করেন। উদ্ধার তৎপরতায় অংশ নেয় ২০টি গাড়ি ও শতাধিক কর্মী।

মূলত গ্যাস সিলিন্ডারের ভালভ বদলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে। তাদের মধ্যে রেস্টুরেন্টের ম্যানেজার ও কর্মচারী আছেন।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার তৎপরতার ওপর জোর দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঘটনাটিকে ‘বিয়োগান্তক’ উল্লেখ করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা চীনে আগেও ঘটেছে। এর আগে ২০১৫ সালে বন্দর শহর তিয়ানজিনে বিস্ফোরণে কমপক্ষে ১৭৩ জন নিহত হয়েছিল।

ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে চীনে তিনদিনের জাতীয় সরকারি ছুটি শুরু হওয়ার ঠিক আগের দিন ৩৭ জন নিহত হলেন।

চলতি বছর দেশটিতে বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটিজনিত দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে ইনার মঙ্গোলিয়ায় একটি কয়লা খনি ধসে ৫৩ জন নিহত হয়। এরপর এপ্রিলে বেইজিংয়ে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হাসপাতালে ২৯ জন নিহত হয়।