মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তর সাগাইং অঞ্চলের নিয়াং কোন নামক একটি গ্রামে এ হামলা চালানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ড ।
গ্রামের একজন অভ্যুত্থান বিরোধী যোদ্ধা কো জাও টুনের বলেন, ‘একটি সামরিক জেট নিয়াং কোন গ্রামে তিনটি বোমা ফেলেছে।’ তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো যুদ্ধ ছিল না। তারপরও তারা গ্রামে বোমা ফেলতে এসেছিল। হামলায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি৷’
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, লোকেরা ধ্বংসাবশেষ থেকে আগুন নিভানোর কাজ করছে। একটি বড় ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে একটি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গ্রাম ধ্বংস এবং বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।










