রুশ-ইউক্রেন যুদ্ধে গত ৫ মাসে বাখমুতের লড়াইক্ষেত্রে মৃত্যু হয়েছে রুশ বাহিনীর ২০ হাজার সেনা সদস্যের, আহত হয়েছে ৮০ হাজারেরও বেশি। এক বিবৃতিতে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে তারা বলছে, নিহত সেনা সদস্যদের অর্ধেকেরও বেশি রুশ সমর্থিত ওয়াগনার গ্রুপের যোদ্ধা।

মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবির বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যশ বিবিসি। সোমবার (১ মে) জন কিরবি বলেন, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ নতুন প্রতিবেদন তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধে রাশিয়ার পশ্চাৎপদতা এখন পরিষ্কার। তবে এই সময়ের মধ্যে ইউক্রেনের পক্ষের হতাহতদের বিষয়ে কিছু জানাননি হোয়াইট হাউস মুখপাত্র।

প্রসঙ্গত, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। অঞ্চলটির বড় অংশ দখলে নেয়ার দাবি করছে মস্কো। প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনও।