চারদিনের আলোচনার পর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়াকে বেছে নেয়া হচ্ছে। উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর নাগাদ এ তথ্য জানা যায়। শনিবার তারা শপথ নেবেন। খবর এনডিটিভি।
২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ১৩৫টি জিতে
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস।
সূত্রের খবর, গত ১৪ মে গোপন ব্যালটে বিধায়কদের
মত নেয় কংগ্রেস। তাতে এগিয়ে ছিলেন সিদ্দারামাইয়া। তার ভিত্তিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে
ফের একবার গদিতে বসাচ্ছেন মল্লিকার্জুন খাড়গে।
শিবকুমার আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ও সিদ্দারামাইয়ার সঙ্গে ছবি টুইট করেন। ক্যাপশনে লেখেন, কর্নাটকের নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এর নিশ্চয়তা দিতে আমরা ঐক্যবদ্ধ।
সিদ্দারামাইয়ার তুলনায় কমবয়সী শিবকুমার কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। তার নেতৃত্বে দক্ষিণের এই রাজ্যে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। তারপর থেকেই শীর্ষ পদ নিয়ে শুরু হয়েছিল টানাপড়েন। দুই পক্ষের অনুগামীরাই মুখ্যমন্ত্রী করার দাবি তোলে। শোনা যাচ্ছে, সোনিয়া গান্ধীর মধ্যস্থতায় শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে কংগ্রেস।










