যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় বন্দুকধারীর ভয়াবহ হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী প্রথমে গাড়ি চালিয়ে গির্জার ভেতরে প্রবেশ করে, এরপর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসি।
পুলিশ কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের 'চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস' নামের এই মর্মন গির্জায় রোববার সকালে প্রার্থনার সময় হামলাটি ঘটে। এ সময় গির্জার ভেতরে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) মিশিগানের বার্টন শহরের বাসিন্দা। গির্জার গাড়ি পার্কিং লটে পুলিশের গুলিতে নিহত হন তিনি। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ প্রধান উইলিয়াম রেনিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে জানান, হামলার খবর পাওয়ার আট মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে নিস্ক্রিয় করে।
প্রাথমিকভাবে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যান। পরে গির্জার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ভবনটির ভেতর থেকে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রধান রেনিয়ে জানান, এখনো নিখোঁজ থাকতে পারেন অনেকে। ধারণা করা হচ্ছে, হামলাকারী নিজেই ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছিল।
কর্তৃপক্ষের ধারণা, এ ঘটনাটি 'পরিকল্পিত সহিংসতা'। সে হিসেবেই তদন্ত চলছে। তবে হামলার কারণ এখনো অস্পষ্ট। এফবিআই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তারা সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার মোবাইল ফোনের রেকর্ড খতিয়ে দেখছে।














