চীনের রাজধানী বেইজিংয়ে মেট্রোরেল দুর্ঘটনায় পাঁচ শতাধিক আহতের ঘটনা ঘটেছে। তবে তাদের বেশির ভাগকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে তুষারঝড় ও বিরূপ আবহাওয়াকে দায়ী করছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় ৫১৫ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১০২ জনের হাড় ভেঙেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।

চীনের রাজধানীতে এ ধরনের ঘটনা বিরল। তবে সাম্প্রতিক দিনগুলোতে তুষারঝড়ের কারণে ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা। শহর জুড়ে বিলম্ব হচ্ছে রেল পরিষেবা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বেইজিং মেট্রোর শেষ দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় আজ শুক্রবার সকাল ৬টায় নাগাদ ৪২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, তুষারপ্রবণ আবহাওয়ার কারণে রেললাইন অস্বাভাবিকভাবে পিচ্ছিল হয়ে গেছে। সিগনাল লাইনেও ঘটছে বিপত্তি। দুর্ঘটনার পেছনে এ দুই কারণের কথা বলছেন কর্তৃপক্ষ। 

এ বিষয়ে বেইজিং সাবওয়ের ট্রেনের অপারেটর ওইবোতে বলেছেন, ‘‌অপ্রত্যাশিত দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি শহরের উত্তর দিকের জেলা ছাংফিংয়ের দিকে যাচ্ছিল। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম যাত্রীদের মাটিতে পড়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে।