সূর্যের প্রথম ছবি পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল ওয়ান। সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের প্রথম পূর্ণ-ডিস্ক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো।

ইসরো জানিয়েছে, সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই ছবি তোলা হয়েছে। ১১টা নানা ধরনের ফিল্টার ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে। 

এই ছবিতে একাধিক সানস্পট বা সৌরকলঙ্কের ছবি এসেছে। সূর্যের তুলনায় ওই সানস্পটগুলি কিছুটা কালচে। মানে এগুলি অপেক্ষাকৃত কম গরম।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য সৌরযান উৎক্ষেপন করা হয়েছিল গত ২ সেপ্টেম্বর। একাধিক যন্ত্রপাতি রয়েছে এই সৌরযানে। সেগুলি দিয়ে ফটোস্ফেয়ার, ক্রোমোস্ফেয়ার, আর সূর্যের একেবারে ওপরের অংশ পরীক্ষা করা হচ্ছে।