পূর্ব
ইউক্রেনের শহর ক্রামতোর্স্কের একটি জনবহুল রেস্টুরেন্টে রাশিয়ান
ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের
(২৭ জুন) এ হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৪২ জন। উদ্ধারকর্মীরা
বিধ্বস্ত রেস্টুরেন্টটির মধ্য থেকে হতাহতদের উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তাদের উদ্ধৃত
করে সংবাদমাধ্যম বলছে, রেস্টুরেন্টটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত চারজনের মধ্যে
রয়েছে শিশুও। এছাড়া ক্রামতোর্স্কের সীমান্তবর্তী এলাকায় চালানো
আরো একটি ক্ষেপণাস্ত্র হামলায় আরো পাঁচজন আহত হওয়ার কথাও জানান তারা।
দোনেৎস্কের
স্থানীয় গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন,
ধ্বংসস্তূপের নিচে এখনো লোকজন চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ চলছে। এদিকে ইউক্রেন
প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যে হামলা চালাচ্ছে, তাতে স্পষ্ট যে, তারা শুধু পরাজয় এবং
শাস্তিরই যোগ্য।
উল্লেখ্য, ক্রামতোর্স্ক দোনেৎস্ক প্রদেশের একটি শহর। গত বছরের
এপ্রিলে ক্রামতোর্স্কের একটি রেলওয়ে স্টেশনে হামলায়
৬৩ জনের মৃত্যুর পর ঘনঘন হামলা হতে থাকে শহরটিতে। চলতি বছরের শুরুতেও আবাসিকসহ বেসামরিক
ভবনে কমপক্ষে দুইবার হামলা হয়েছে।
অবশ্য ইউক্রেন অভিযান
শুরুর পর থেকেই কোনো ধরনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।










