ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার গাজাবাসীর আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে গাজার সর্ববৃহৎ আল-শিফা হাসপাতাল।   শনিবার (১৪ অক্টোবর) হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।  খবর আনদোলু এজেন্সি।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু স্লিমা ফেসবুকে এক বার্তায় বলেছেন, ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৩৫ হাজার বেসামরিক বাসিন্দা এই চিকিৎসালয়ে আশ্রয় নিয়েছেন।

তিনি আরো বলেন, গাজাবাসী এক অনিশ্চিত আতঙ্কে দিন কাটাচ্ছে।  হুমকির মুখে পড়েছে তাদের নিরাপত্তা।  নিজেদের প্রাণ বাঁচাতে হাসপাতালে এসে তারা তাঁবু টেনেছে।

শুক্রবার ইসরায়েলি বাহিনীর উত্তর গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে এই অঞ্চল ত্যাগ করার নির্দেশ দেয়।  এরপরই গাজার হাসপাতালগুলো এখন হাজার হাজার মানুষের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গতকাল অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে দুই শতাধিক।

তবে গাজাবাসীর জন্য নিরাপদ আশ্রয়স্থল ছাড়া তাদের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়া সম্ভব নয় বলে সতর্ক করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস।  এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।  অপরদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০।  আহত হয়েছে আরো ৬ হাজার ৩৮৮ জন।

হামাসের হামলার পর ইসরায়েল সামরিক অভিযান শুরু করলে গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছে।